দলীয় করণ ও গণহারে গুম নির্যাতন কারণেই আওয়ামী লীগের পতন: টুকু
মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘গণহারে গুম, খুন ও নির্যাতন চালিয়েও আওয়ামী লীগ সরকার ক্ষমতায়
টিকে থাকতে পারেনি। জনগণের রোষের মুখে তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখন দেশের মানুষ তাদের ভোটাধিকার ও মালিকানা ফিরে পেয়েছে।”
শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাট এলাকায় হাওরে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, “আল্লাহর মাইর, দুনিয়ার বাইর। অনিয়ম, অত্যাচার ও দুর্নীতির কারণেই তাদের এই পরিণতি হয়েছে।”
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “তাদের মতো আচরণ করলে চলবে না। তারেক রহমান–এর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ন্যায় ও সততার সঙ্গে সবাইকে তাকে সহযোগিতা করতে হবে।”
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের অধিকাংশ মানুষের জীবিকার প্রধান দুটি উৎস বোরো ধান উৎপাদন ও মাছ আহরণ। চলতি বছর অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে মৎস্যসমৃদ্ধ এ অঞ্চলে আগের তুলনায় মাছের প্রাপ্যতা কমে যাওয়ায় মানুষের জীবিকাও সংকুচিত হয়েছে। এ কারণে হাওরের জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে ব্যাপক পরিসরে পোনা অবমুক্ত করা হচ্ছে।
তিনি উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবমুক্ত করা পোনা মাছ বড় হওয়ার সুযোগ করে দিলে ভবিষ্যতে হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষের জীবিকা আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার।
প্রসঙ্গত, স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর–এর ব্যক্তিগত অর্থায়ন এবং এডিপির অতিরিক্ত বরাদ্দের আওতায় মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী সংসদীয় আসনের পাঁচটি স্থানে বিভিন্ন দেশীয় প্রজাতির প্রায় ১৬ মেট্রিক টন পোনা মাছ অবমুক্ত করা হয়।

