দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা আটক

৩৭

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০৭/০৬/২০২৬ ইং রবিবার

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের তারানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— দামুড়হুদা উপজেলার তারানীপুর গ্রামের তোয়াক্কেল হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম (৩৮) এবং একই এলাকার মিরাজুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম (২৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের সার্বিক নির্দেশনা ও দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে পুলিশ দল তারানীপুর গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ নিজ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই দুই সক্রিয় নেতাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত হাফিজুল ও মমিনুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় পূর্বের নাশকতা ও সহিংসতা সৃষ্টির সুনির্দিষ্ট মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর নানাবিধ অপতৎপরতার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আজ রবিবার (৭ জুন) দুপুরে তাদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *