দেওয়ানগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, প্রশংসায় ইউএনও-ওসি
মোঃ রিফাত আলী
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।
ইতোমধ্যে অভিযানে চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন ও দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হচ্ছে।
প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান, নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন ও পুলিশের এমন সমন্বিত উদ্যোগ প্রশংসনীয়।
দীর্ঘমেয়াদে এ অভিযান অব্যাহত থাকলে দেওয়ানগঞ্জে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের এমন কার্যক্রমে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি মো. আনোয়ার হোসেনের ভূমিকার প্রশংসা করছেন অনেকে।

