পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

১৯

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম-কে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর পদে অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে মোট ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে, যা আগে ঘটবে সেই সময় পর্যন্ত বলবৎ থাকবে। উপ-উপাচার্য পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন বলেও প্রজ্ঞাপনে উল্ল করা হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক বগুড়ার সন্তান ড. সাইফুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগ থেকে ২০০২ সালে প্রথম শ্রেণীতে স্নাতক (সম্মান) ও ২০০৩ সালে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অধ্যাপক ড. এ. বি. এম সাইফুল অত্র বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলনবিলের মাটির শ্রেনীবিভাগ নিয়ে সফল ভাবে গবেষণা সম্পন্ন করে ২০১৭ সালে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। দেশি-বিদেশি জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি চলন বিলের মাটির ব্যবস্থপনা নিয়ে গবেষণা গ্রন্থ রচনা করেন।

অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্রদল নেতা ছিলেন। পেশাজীবি রাজনীতিতে রেখেছেন অসামান্য অবদান, তিনি ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশনের ( ইউট্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও পবিপ্রবি ইউট্যাব এর সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও পবিপ্রবি সাদা দলের সাংগঠনিক সম্পাদক ও জিয়া পরিষদের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তিনি ছিলেন অগ্রসৈনিক। ফ্যাসিস্ট সরকার কর্তৃক তিনি হয়েছিলেন চরমভাবে নির্যাতিত, রাজনৈতিক প্রতিহিংসার কারণে চাকুরিচ্যুতও হয়েছিলেন, জুলাই আন্দোলনেও তিনি ছিলেন সামনের সারিতে।

প্রো-ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর অনুভূতি জানতে চাইলে অধ্যাপক ড. সাইফুল বলেন- “আলহামদুলিল্লাহ! এটি আমার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে বড় দায়িত্বের বিষয়। আমার উপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনের মানোন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ডক্টর মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *