‘সেবার ব্রতে চাকরি’: চুয়াডাঙ্গায় ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন

১৩৫

মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

​‘সেবার ব্রতে চাকরি’—এই মূলমন্ত্রকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (PET) সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে আয়োজিত এই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের দৌড়, লং জাম্প ও হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্টে দক্ষতা যাচাই করা হয়।

নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে মূলত প্রার্থীদের শারীরিক সহনশীলতা ও সক্ষমতার পরীক্ষা নেওয়া হয়। পুরুষ প্রার্থীদের জন্য ১৬০০ মিটার দৌড় এবং নারী প্রার্থীদের জন্য ১০০ মিটার দৌড় সম্পন্ন হয়েছে। পাশাপাশি, পুরুষ প্রার্থীদের ১০ ফুট ও নারী প্রার্থীদের ৬ ফুট লং জাম্প এবং পুরুষদের ৩.৫ ফুট ও নারীদের ২.৫ ফুট উচ্চতা লাফের (হাই জাম্প) পরীক্ষা নেওয়া হয়। অত্যন্ত কড়া নিরাপত্তা ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিটি ইভেন্ট পর্যবেক্ষণ করা হয়।

পুরো কার্যক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে আগত প্রতিনিধি এ,এইচ,এম ইয়াদুল ইসলাম, এআইজি (ইকুইপমেন্ট)।

​নিয়োগ বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোরশেদ আলী এবং পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গার আরআই পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আব্দুস সামাদ। এছাড়া চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করেন।

নিয়োগ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দিনে যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের চূড়ান্ত পর্যায়ের শারীরিক সক্ষমতা যাচাই আগামী ২৩ জুন ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে অনুষ্ঠিতব্য এই ধাপে প্রার্থীদের পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা নেওয়া হবে।

​পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় আধুনিকায়ন ও স্বচ্ছতা বজায় থাকায় চুয়াডাঙ্গা জেলাসহ আশপাশের জেলা থেকে আগত চাকরি প্রত্যাশীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মেধা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *