কক্সবাজারের চকরিয়ায় সারদা মহাজনের ঐতিহাসিক পুকুর, শ্মশান ও মন্দিরভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

১১

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত ঐতিহাসিক সারদা মহাজনের পুকুর, বাড়ি, শ্মশান ও মন্দিরভূমি রক্ষার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরসহ একটি প্রভাবশালী মহল বিএনপির নাম ব্যবহার করে প্রাচীন পুকুরটি ভরাট এবং সেখানে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সম্পত্তির প্রকৃত ওয়ারিশদের তথ্য গোপন করে জাল খতিয়ান তৈরি এবং সেই খতিয়ানের ভিত্তিতে জমি বিক্রির মাধ্যমে সম্পত্তি দখলের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়।

স্থানীয়দের দাবি, সারদা মহাজনের সম্পত্তির চারজন বৈধ ওয়ারিশ থাকা সত্ত্বেও রতন কিশোর দাশ বিএস ২১১ নম্বর খতিয়ান থেকে জমি বিক্রি করে দখল নিয়ে বহুতল ভবন নির্মাণ করেছেন। এছাড়া ফনিন্দ্র লাল দাশের তিন কন্যাকে তাঁদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

এসব অভিযোগের প্রতিবাদে মনিন্দ্র লাল দাশ ও ফনিন্দ্র লাল দাশের ওয়ারিশরা পৃথকভাবে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা অবিলম্বে সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানান। তাঁদের ভাষ্য, ধর্মীয় আচার-অনুষ্ঠান, শ্মশান ও মন্দিরের সঙ্গে সম্পৃক্ত এই ঐতিহাসিক সম্পত্তি রক্ষায় প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঐতিহাসিক ধর্মীয় সম্পত্তি সংরক্ষণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *