নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ভালুকা পৌর শাখার আহবায়ক কমিটি গঠন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভালুকা পৌর শাখার নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে খন্দকার রাকিবকে আহবায়ক এবং আশরাফুল আলমকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন এবং সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল স্বাক্ষরিত এক পত্রে এ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
শুক্রবার নবগঠিত কমিটির অনুমোদনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। বিভিন্ন ব্যক্তি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এদিকে, দেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিয়ে আইনগত ও রাজনৈতিক পরিস্থিতি আলোচনায় রয়েছে। এ অবস্থায় ভালুকা পৌর শাখার এ আহবায়ক কমিটি গঠনের বিষয়টি স্থানীয়ভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
নবগঠিত কমিটির আহবায়ক খন্দকার রাকিব বলেন, ‘আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমরা সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত সংগঠনই জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আমরা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখে তাঁর সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য রাজনৈতিক ও সাংগঠনিকভাবে ভূমিকা রাখব।

