রৌমারীতে ভিডব্লিউবি নারীদের উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দরিদ্র ও সরকারি সুবিধাভোগী নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোয়াল গ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করে বকুলতলী মহিলা সংসদ।
কর্মশালায় ভিডব্লিউবি কর্মসূচির আওতায় সুবিধাভোগী নারীদের উদ্যোক্তা হওয়ার বিভিন্ন কৌশল, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা, আয়বর্ধক কার্যক্রম, সঞ্চয়ের গুরুত্ব, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী হওয়ার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষক হিসেবে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মাসুদ পারভেজ রুবেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজামাল। এছাড়াও অনুষ্ঠানে ভিডব্লিউবি সুবিধাভোগী নারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা জানান, এ ধরনের কর্মশালা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে। তারা ভবিষ্যতে নিজস্ব উদ্যোগে ছোট ছোট ব্যবসা শুরু করে পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী। প্রশিক্ষণের মাধ্যমে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সফল নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।
আয়োজকরা জানান, গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের বিশ্বাস, যথাযথ প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে এসব নারী নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

