বগুড়ায় মামলা তুলে নিতে বাদীকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ-
বগুড়ার শিবগঞ্জে আদালতে দায়ের করা একটি মামলা তুলে নিতে বাদীকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে । এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী মোছাঃ আকলিমা বিবি ও তার পরিবার।
ভুক্তভোগী আকলিমা বিবির অভিযোগ, স্থানীয় বাসিন্দা মৃত জালাল উদ্দীনের ছেলে রুহুল আমিন বিভিন্ন প্রলোভন ও প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। রুহুল আমিন দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা, বিদেশে লোক পাঠানো এবং প্রাথমিক বিদ্যালয়, কারারক্ষী ও পুলিশে চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছেন। এছাড়া নিজেকে মন্ত্রীর গানম্যান পরিচয় দিয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তা, এসপি, ডিআইজি ও প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার দাপট দেখিয়ে তিনি সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করেন।
মামলার বিবরণে জানা যায়, রুহুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে মামলা নং-৪৬ সি/২০২২ (শিব), মামলা নং-১৭৯ সি/২০১৮ (শিব), শিবগঞ্জ থানার জিডি নং-৫২০, মামলা নং-১৩৮ সি/২০২৩ (শিব) এবং বগুড়া সদর থানার জিডি নং-১৮৩৭ উল্লেখযোগ্য। এসব পুরনো নথিপত্র পর্যালোচনা করলে তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ ও মামলার তথ্য পাওয়া যাবে বলে দাবি ভুক্তভোগীর।
ভুক্তভোগী আকলিমা বিবি অভিযোগ করেন, তিনি বিজ্ঞ আদালতে দায়ের করা মামলা নং-১৩৮ সি/২০২৩ (শিব) পরিচালনা করে আসছেন। মামলাটি তুলে নেওয়ার জন্য বিবাদীপক্ষ তাকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করছে। মামলা প্রত্যাহার না করলে মারধর, খুন-জখম এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে রুহুল আমিনসহ অন্যান্যরা লাঠিসোটা ও লোহার রড নিয়ে তার বাড়িতে আক্রমণ করে এবং তাকে হত্যার চেষ্টা করে। এ সময় আকলিমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি চিকিৎসা গ্রহণ করেন এবং পরবর্তীতে থানায় অভিযোগ করেন।
বর্তমানে ভুক্তভোগী আকলিমা বিবি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি অভিযুক্ত রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে প্রধান উপদেষ্টার সুদৃষ্টি আকর্ষণ করেছেন।
