খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১

২২

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্মৃতিস্তম্ভটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনেন। এতে স্মৃতিস্তম্ভটি অক্ষত থাকলেও পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালায়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শালবন হরিনাথ পাড়ার মো. হাসানুলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। পরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রনি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের বিষয়টি আমার জানা আছে। একটি গ্রুপ এ ধরনের নাশকতার চেষ্টা করেছিল। তবে তারা সফল হতে পারেনি এবং স্মৃতিস্তম্ভের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।”

তিনি আরও জানান, ঘটনার পর স্মৃতিস্তম্ভ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের চেষ্টা করেছে, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *