আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা

১৫৮

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেশ আলোচনা সমালোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এটি সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও নয়; পুরোনো ফুটেজ নতুন করে সোস্যাল মিডিয়ায় প্রচার করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মিরা।
সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে কয়েকজনকে শোডাউন করতে দেখা যায়। ভিডিও ধারণের সময় আশপাশে সাধারণ শিক্ষার্থী বা অন্য কোনো ব্যক্তির উপস্থিতিও ছিল না।
ভিডিওতে ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—এ ধরনের স্লোগান দিতে দেখা যায়। এছাড়া চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে শোডাউনে নেতৃত্ব দিতে দেখা যায়। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা চবি শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসব। আমরা কথা রেখেছি। চবিকে কোনোদিন জামায়াত-শিবিরের মিনি ক্যান্টনমেন্ট বা আঁতুড়ঘর হতে দেব না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ইসলামী ছাত্রশিবিরের দুর্গম ঘাঁটি। চাকসুর নেতৃত্বেও আছে চাত্রশিবির। এমন পরিবেশে চবি ছাত্রলীগের নেতা কর্মিরা কিভাবে মোটর সাইকেল শো-ডাউন করতে পারে!
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘জিরো পয়েন্ট ও ১ নম্বর গেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গতকাল বা আজকের কোনো শোডাউনের তথ্য পাওয়া যায়নি। এটি অনেক আগের ভিডিও, যা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্যাম্পাস বন্ধের সময় ভোর বা সকালে লোকচক্ষুর আড়ালে কয়েকজন শোডাউন দিয়ে চলে যায়।’
তিনি আরও বলেন, ‘ভিডিওতে নেতৃত্বদানকারী আবরার শাহরিয়ারের বিষয়ে ইতোমধ্যে রিপোর্ট করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ধরনের কোনো তৎপরতা বরদাশত করা হবে না। ভিডিওতে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *