রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, নিরক্ষরতামুক্ত সমাজ গড়ার আহ্বান
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা সভা। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তারা নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, একটি শিক্ষিত, স্বাবলম্বী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সাক্ষরতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, কার্যকর ও জীবনমুখী শিক্ষার মাধ্যমে নাগরিকদের দক্ষ ও সচেতন করে তুলতে হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) মোঃ নাজমুল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) মোঃ আবদুল হাই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখার সভাপতি মোঃ হায়দার আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ৫ নম্বর যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী এবং ২ নম্বর শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে ইউএনও মোঃ মাহবুবুল হাসান রৌমারী উপজেলাকে শতভাগ সাক্ষরতার আওতায় আনতে প্রশাসনিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

