চুয়াডাঙ্গায় নিখোঁজের সাড়ে ৭ ঘণ্টা পর কিশোরের নিথর দেহ উদ্ধার

৩৪

মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
১০ জুলাই, ২০২৬ ইং

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর সাইম (১৫) নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রের নিথর দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাদিরপুর মরাগাং বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে চাচাদের সাথে শামরার মাঠে মাছ ধরতে গিয়েছিল সাইম। দুপুরের দিকে বিলের পানিতে নামলে এক পর্যায়ে সে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। আশেপাশে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না মেলায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল থেকে একটানা প্রায় দেড় ঘণ্টা উদ্ধার তৎপরতা চালানোর পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরাগাং বিলের ভেতর থেকে সাইমের নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *