নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক রৌমারী ও রাজিবপুর উপজেলার দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসনের লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তিনি রৌমারী-রাজিবপুর অঞ্চলে চলমান বিদ্যুৎ সংকট, ঘন ঘন লোডশেডিং এবং সাধারণ গ্রাহকদের ভোগান্তির বিষয়গুলো মন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় রৌমারী ও রাজিবপুর উপজেলার বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে শিক্ষা কার্যক্রম, কৃষি উৎপাদন, ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে ঘন ঘন লোডশেডিং জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে।
এদিকে সংসদ সদস্যের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রৌমারী ও রাজিবপুরের সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেছেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের অবসান ঘটবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

