‘’প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি গাছ’’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০ হাজার চারা রোপণ কর্মসূচি-

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০৯/০৬/২০২৬ ইং মঙ্গলবার

চুয়াডাঙ্গায় পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে “২০ হাজার চারা রোপণ কর্মসূচি” বাস্তবায়ন করছেন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আওসাফ আবির।

কর্মসূচির দ্বিতীয় দিনে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৫ নং হাজরাহাটি উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

“প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি গাছ” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং গাছের পরিচর্যা বিষয়ে সচেতন করা হয়। চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক শিক্ষার্থী নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগিয়ে পরিচর্যার অঙ্গীকার করে।

এ সময় আওসাফ আবির বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের হাতে একটি করে গাছ তুলে দিয়ে যদি পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ সৃষ্টি করা যায়, তবে ভবিষ্যতে আমরা আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পারব। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকরাও উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত গাছের পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত এ কর্মসূচি ইতোমধ্যে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ শুধু বৃক্ষরোপণেই সীমাবদ্ধ নয়; বরং শিশু-কিশোরদের মধ্যে পরিবেশপ্রেম, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি গাছ, একটি প্রাণ—একটি সবুজ চারাই হতে পারে আগামীর সুন্দর বাংলাদেশের ভিত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *