শোয়েব হোসেন (ঢাকা)–
কেসি স্কুল রোডের সংস্কার নিয়ে তামাশা: শিক্ষার্থীরা বিপাকে, রোগীরা দিশেহারা, ব্যবসায়ীরা দেউলিয়া!
এটা কোনো সড়ক নয়, এটা মরণফাঁদ। রাজধানীর প্রাণকেন্দ্র উত্তরা দক্ষিণখান থানাধীন কেসি স্কুল এন্ড কলেজ রোড, প্রেম বাগান – নামে সড়ক, কাজে মৃত্যুকূপ। বছরের পর বছর ধরে সংস্কারের নামে খুঁড়ে রাখা এই সড়ক এখন হাজারো মানুষের অভিশাপে পরিণত হয়েছে।
কোটি টাকার প্রকল্প, অথচ ঠিকাদারের গাফিলতি আর কর্তৃপক্ষের চরম উদাসীনতায় সড়কটি আজ মৃত্যুপুরী। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদার সাগরে পরিণত হয়। সেই কাদায় হুমড়ি খেয়ে পড়ছে কোমলমতি শিশু। রক্তাক্ত পায়ে ক্লাসে যাচ্ছে কেসি স্কুলের শিক্ষার্থীরা। অসুস্থ মা-বাবাকে কাঁধে নিয়ে হাসপাতালে ছুটছে সন্তানরা – কারণ অ্যাম্বুলেন্স ঢোকার পথ নেই।
কার স্বার্থে এই অবহেলা?
স্থানীয় ব্যবসায়ীরা পথে বসেছে। দোকানের সামনে কাদার পাহাড়। ক্রেতা নেই, বিক্রি নেই। তবুও ভাড়া, বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। এক ব্যবসায়ী আর্তনাদ করে বললেন, “ভাই, রাস্তা না থাকলে ব্যবসা কেমনে করি? আমরা কি মানুষ না?”
এলাকার মুরুব্বিদের প্রশ্ন একটাই – এই অবহেলার শেষ কোথায়? কোটি কোটি টাকা বরাদ্দ হয়, কাজ শুরু হয়, তারপর? তারপর সব অদৃশ্য! ঠিকাদার উধাও, ইঞ্জিনিয়ার নীরব, দায়িত্বশীলরা ঘুমে।
এলাকাবাসীর হুঁশিয়ারি:
“যত তাড়াতাড়ি সম্ভব এই মরণফাঁদ সংস্কার করে জনগণকে মুক্তি দিন। নইলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। একটি শিশুর প্রাণ গেলে তার দায় কে নেবে– মন্ত্রী? মেয়র? নাকি ঠিকাদার?জবাব চাই।”