মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলার গাজীপুর, কালিয়াকৈর, কোনাবাড়ীসহ
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কথিত নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদে গাজীপুর-১ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গাজীপুর-১ আসনের বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দেশের স্থিতিশীলতা ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-১ আসনের বিএনপির নেতা ও সাবেক মেয়র মো. মজিবুর রহমান। সমাবেশে তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সক্রিয় থাকার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাইফুদ্দিন আহমেদ, দেওয়ান জসিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সচেষ্ট ভুমিকা পালন করবে বলে জানান।