আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ১ নম্বর লোগাং ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. জসিম উদ্দিন। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণের পাশাপাশি বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।

ভিডিপি দলনেতা মো. জসিম উদ্দিন জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে মাঠপর্যায়ে কর্মসূচি পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিজের পারিবারিক নার্সারিতে উৎপাদিত ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়।

আনসার-ভিডিপি সূত্র জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এছাড়া বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’-এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ও প্রশিক্ষিত যুবসমাজকে স্বাবলম্বী করার পাশাপাশি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে। রোপণ করা গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে ডিজিটাল মনিটরিং ও নিয়মিত তদারকির ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, লোগাং ইউনিয়নের ভিডিপি দলনেতা মো. জসিম উদ্দিনের এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না, বরং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরি করছে।

তাদের মতে, এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।