নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা জোন শাখার যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ সাদিকুর রহমানের সঙ্গে জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সংগঠনটির নোয়াখালী জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় নোয়াখালী জেলা শহরের মাইজদীতে অবস্থিত নোয়াখালী মডেল মাদ্রাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা।

সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা জোন শাখার যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ সাদিকুর রহমান। তিনি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, ইসলামের সঠিক আদর্শ প্রচার এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন মুফতি আবদুল আলিম, হাজি মোহাম্মদ দেলোয়ার হোসেন নয়ন, দেলোয়ার হোসেন শাহজি, আলহাজ জসিম উদ্দিন, মিজানুর রহমান মন্জু, সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী, শায়ের সৌরভ হোসেন আশিকি, আবদুর রহিম, শহিদুল ইসলাম বাচ্চু, ইসমাইল হোসেন সিরাজি, জিএম শহিদুল্লাহসহ জেলা ও উপজেলার অসংখ্য নেতাকর্মী।

মতবিনিময় সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে মুফতি আবদুল আলিমকে আহ্বায়ক এবং মিজানুর রহমান মন্জুকে সদস্য সচিব করে আহলে সুন্নাত ওয়াল জামাত নোয়াখালী জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।