মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে একটি আইটেল বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মরিয়ম বেগম (৩৬) কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়ার স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে ডিএনসির একটি দল হেনারগাতী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে।

একপর্যায়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমের বহন করা দুটি প্যাকেট থেকে মোট ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসি ও স্থানীয় সূত্রের দাবি, মরিয়ম বেগম ও তার স্বামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, মরিয়ম নিয়মিত চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে এলাকায় সরবরাহ করতেন এবং স্বামী-স্ত্রী মিলে সেগুলো বিক্রি করতেন।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটক মরিয়ম বেগমকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এবং কোনো মাদক সহযোগী ও কারবারিকেই ছাড় দেওয়া হবে না।