নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ও আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস (কে. বি.) উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভলাকুট ইউনিয়নের সুপরিচিত তরুণ রাজনৈতিক নেতা মো. তৌহিদুল ইসলাম।
স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন প্রতিকূল সময়ে এর বিকাশ ও অগ্রযাত্রায় তৌহিদুল ইসলামের পূর্বপুরুষদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে মরহুম আরজু মিয়া সরদারের অবদান বিদ্যালয়ের ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ‘সাদা মনের মানুষ’ হিসেবে পরিচিত বাবু সুধীর চন্দ্র বর্ধনের জাতীয় টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকারেও মরহুম আরজু মিয়া সরদারের অবদানের কথা উঠে এসেছে।
নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন সদরে অবস্থিত এ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই শিক্ষার মান, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ সুনাম অর্জন করে আসছে। অ্যাকাডেমিক ফলাফল, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, স্কাউটিং এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কাজী মো. আতাউর রহমান গিলমান জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (শ্রেষ্ঠ প্রধান শিক্ষক) নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাজী মো. আতাউর রহমান গিলমানের নেতৃত্বে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশেও উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। বর্তমানে বিদ্যালয়ের নান্দনিক ভবন ও আধুনিক পরিবেশ অনেকের কাছেই একটি কলেজের আবহ তৈরি করেছে।
উল্লেখ্য, মো. তৌহিদুল ইসলাম এর আগেও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা, সততা, দায়িত্বশীলতা ও নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুনামের ধারাবাহিকতা আরও সমৃদ্ধ হবে বলে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা।
নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. তৌহিদুল ইসলামকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতায় বিদ্যালয়টি আগামী দিনেও সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।