মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মোঃ আরিফুল ইসলাম (৩১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তে চিলাহাটিগামী ৭২৭ আপ রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আরিফুল ইসলামের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নীলের কুটি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ খয়বর আলী এবং মাতার নাম মোছাঃ ছেয়ামন বেগম। তার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর ৬৪১৪৫৭৪৮০৩।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি গত কয়েকদিন ধরেই উথলী রেলস্টেশন ও এর আশপাশ এলাকায় ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার দুপুরে তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। দুর্ঘটনায় তার শরীরের একাধিক অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। এসআই রফিক জানান, “প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে পিবিআই (PBI) টিমের সহায়তায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।”
উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পরপরই আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে।”
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI) এই ঘটনার মামলা সংক্রান্ত তথ্য নথিভুক্ত করেছে। কেস নম্বর ৪৩ এবং কেস আইডি C-2026-07-9295258 হিসেবে বিষয়টি রেকর্ড করা হয়েছে।
নিহতের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।