মিজানুর রহমান (বগুড়া):-
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক ধান ভাঙা মিলের মালিককে হাত-পা বেঁধে ও মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা ওই মিলের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে।
রবিবার( ৫জুলাই) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ আলী (৭০)শিবগঞ্জ উপজেলার ফেনীগ্রাম এলাকার বাসিন্দা এবং পেশায় ধান ভাঙা মিলের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতেও মুহাম্মদ আলী ফেনীগ্রামে তার নিজস্ব ধান ভাঙা মিল পাহারা দেওয়ার জন্য ঘরের ভেতরে ঘুমাতে যান। গভীর রাতে একদল দুর্বৃত্ত কৌশলে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা ঘরের ভেতরে ঢুকে মুহাম্মদ আলীর হাত ও পা বেঁধে ফেলে এবং মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। এরপর দুর্বৃত্তরা বিদ্যুৎ সংযোগের জন্য ব্যবহৃত ৩টি মূল্যবান বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। নিহতের ছেলে মতিয়ার রহমান বলেন,এলাকায় সেচ পাম্পের বিষয় নিয়ে মিটিং করে বাড়িতে এসে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ধান ভাঙা মিলে ঘুমাতে যান। সকালে লোকজন মাধ্যমে জানতে পারি তাকে হত্যা করা হয়েছে।
সকালে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা মিলে গিয়ে মুহাম্মদ আলীকে হাত-পা বাঁধা এবং রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। তবে এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।