মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিয়ন্ত্রণহীন আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক পাখিভ্যান চালক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (০৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের দেহাটি শাহা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। ​নিহত রিপন হোসেন উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রীজ পাড়ার মহিউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রিপন হোসেন তার নিজস্ব পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে তিনি দেহাটি শাহা ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে অত্যন্ত বেপরোয়া গতিতে আসা একটি আলমসাধু তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ভ্যান চালক রিপন হোসেন রাস্তার ওপর ছিটকে পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

​এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা সড়কগুলোতে অবৈধ ও বেপরোয়া গতির যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।